পুতিনের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া

নতুন পয়গাম,
নিউ ইয়র্ক, ২৪ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (নিউ স্টার্ট) আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া এ প্রস্তাবকে হোয়াইট হাউস “ইতিবাচক” বললেও, এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
২০১০ সালে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। এর আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,৫৫০ এবং ডেলিভারি ভেহিকল— যেমন মিসাইল, সাবমেরিন ও বোমারু বিমান— প্রতিটি পক্ষের জন্য ৭০০-তে সীমিত রাখে। একবার পাঁচ বছরের বর্ধিতকরণের সুযোগ ছিল, যা ২০২১ সালে পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্যকর করেছিলেন।
পুতিন জানিয়েছেন, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পরও রাশিয়া চুক্তির সংখ্যাগত সীমাবদ্ধতাগুলো আরও এক বছরের জন্য মানতে প্রস্তুত। তবে ভবিষ্যতে তা বজায় থাকবে কি না, তা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
ট্রাম্প জুলাই মাসে বলেছিলেন, মেয়াদ শেষ হলেও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাগুলো বজায় রাখতে চান তিনি। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডারের মালিক। বিশেষজ্ঞদের আশঙ্কা, সীমাবদ্ধতা উঠে গেলে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।
পুতিনের মতে, এ প্রস্তাব বৈশ্বিক পারমাণবিক বিস্তার রোধে সহায়ক এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনার দরজা খুলে দিতে পারে। তবে তিনি শর্ত দিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা বিদ্যমান প্রতিরোধক্ষমতার ভারসাম্য নষ্ট করে।
প্রস্তাবটি এসেছে এমন সময়ে যখন ইউক্রেন ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি মস্কোর নীতিতে এক ধরনের একতরফা পরিবর্তন, কারণ এতদিন ধরে রাশিয়া দাবি করে এসেছে— ইউক্রেন যুদ্ধ ঘিরে সম্পর্কের উন্নতি না হলে তারা এ বিষয়ে আলোচনায় বসবে না।

































































































































