ভ্যালেন্সিয়ায় প্রবল বর্ষণে স্পেনে রেড সিগন্যাল জারি

নতুন পয়গাম,আন্তর্জাতিক ডেস্ক , স্পেন
স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির আবহাওয়া সংস্থা রেড সিগন্যাল জারি করেছে। নতুন করে বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে।
গত অক্টোবরে একই অঞ্চলে ভয়াবহ বন্যায় ২৩৫ জন নিহত হয়েছিলেন। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, রবিবার বিকেল ও সন্ধ্যা এবং সোমবার তারাগোনা, ক্যাসেলন ও ভ্যালেন্সিয়ায় বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আহ্বান:
“নাগরিকদের উচিত জরুরি পরিষেবার নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলা।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সোমবার ভ্যালেন্সিয়া নগরের স্কুল–কলেজসহ লাইব্রেরি, পার্ক, বাগান, বাজার ও কবরস্থানসহ সব ধরনের জনসমাগমস্থল বন্ধ থাকবে। রবিবার বিকেলে নগরবাসীর মোবাইলে বিপর্যয়কর আবহাওয়ার সতর্কবার্তাও পাঠানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত আরও তীব্র আকার নিচ্ছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত বছরের ভয়াবহ বন্যার সময় সময়সীমার মধ্যে সতর্কবার্তা না দেওয়ার কারণে প্রাণহানি বেড়েছিল।





























































































































