রাজনৈতিক টানাপড়েনে স্থগিত বন্দি মুক্তি

রাজনৈতিক টানাপড়েনে স্থগিত বন্দি মুক্তি
ইসরাইলে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠল ইহুদিরা
নতুন পয়গাম, ১৮ আগস্ট: গাজায় জিম্মি বা আটক ইসরাইলি পরিবারগুলো অভিযোগ করেছে, রাজনৈতিক কারণে বন্দি বিনিময় চুক্তির অগ্রগতি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে। তাই তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে এবং বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তি সম্পন্নে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলের রাজধানী তেলআবিব-সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত ব্যাপক বিক্ষোভে লাখো মানুষ অংশ নেন। এটি গত ২২ মাস ধরে গাজায় চলমান যুদ্ধকালীন সময়ে সবথেকে বড় জনসমাগম হিসেবে বিবেচিত হচ্ছে।
গাজায় হামাসের হাতে আটক ওমরি মিরান-এর স্ত্রী লিশায় মিরান-লাভি এই বিক্ষোভে অংশ নিয়ে বলেন, “আজকের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য জীবনরেখা। আমরা এমন এক চুক্তি চাই, যা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এবং গাজায় আটকে তাকা ৫০ জনকেই ঘরে ফিরিয়ে আনবে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেন, চুক্তি কার্যকরে সদর্থক ভূমিকা রাখার জন্য। বন্দি রম ব্রাসলাভস্কি-র বাবা ওফির ব্রাসলাভস্কি বলেন, “রম ক্ষুধার্ত, নির্যাতিত, ভয়ে কাঁপছে। যে কোন মূল্যে যুদ্ধ বন্ধ করুন।”
আয়োজকরা জানান, বিক্ষোভকারীরা রাজপথ অবরোধ, রাজনীতিবিদদের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সেনা সদর দফতরের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে গর্জে ওঠে রবি ও সোমবার। ইসরাইলি পুলিশের বয়ানে, অন্তত ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গাজায় নেতানিয়াহু সরকারের নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘিরে ইসরাইলি বা ইহুদিদের মধ্যে ক্রেমই তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিচ্ছে বলে স্বীকার করেছে তেলআবিব প্রশাসন।





















































































































