তিউনিসিয়ায় সূর্যের আলোয় বিপ্লব গাড়িশিল্পে

নতুন পয়গাম: আফ্রিকায় ইলেকট্রিক যানবাহনের (ইভি) বাজার দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ বাজার ৪২০ কোটি ডলারে পৌঁছাতে পারে। এটি বর্তমান বাজারের তুলনায় দ্বিগুণের বেশি। তবে এখনো বেশির ভাগ ইভি বিদ্যুৎ–নির্ভর। অবশ্য কিছু কিছু ইভি নবায়নযোগ্য ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে।
এরই মধ্যে তিউনিসিয়ার গাড়ি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাকো মোটরস ইভি গাড়ির বাজার ধরতে চাচ্ছে। এ জন্য তারা আফ্রিকার অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ, সূর্যের আলোকে কাজে লাগাচ্ছে। তাদের উৎপাদিত গাড়ি ও কার্গো ভ্যানের ছাদে সোলার প্যানেল (সৌরশক্তি) আছে।
এসব যানবাহনে এখনো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। তা সত্ত্বেও বাড়িতে কিংবা ভ্রমণের সময়ও গাড়িতে চার্জ দেওয়া যায়। আর এটি করা হয় সোলার প্যানেলের মাধ্যমে। এই প্যানেল ব্যবহার করে সরাসরি ব্যাটারি চার্জ দেওয়া যায়, যা বিনা মূল্যে ব্যবহার করা জ্বালানির একটি উৎস।
এখন পর্যন্ত কোম্পানিটি এ ধরনের ১০০ যানবাহন তৈরি করেছে। আগামী বছর উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বাকো মোটরসের প্রতিষ্ঠাতা ও সিইও বুবাকার সিয়ালা বলছেন, ‘সৌরশক্তি আমাদের ৫০ শতাংশের বেশি চাহিদা পূরণ করছে।’
সিয়ালা উদাহরণ হিসেবে বি-ভ্যান মডেলের গাড়ির কথা বলেন। গাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এটি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার পথ বিনা মূল্যের জ্বালানি পাচ্ছে। সে হিসাবে বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ বিনা মূল্যে ভ্রমণ করা যাবে। এটা অনেক বড় সুবিধা।
এই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। তারা প্রথমে তিন চাকার পণ্যবাহী যানবাহন তৈরি করত। কিন্তু এখন তারা চার চাকার গাড়ি তৈরি করছে।



















































































































