সার্ধশতবর্ষে ‘বন্দে মাতরম্’-এর গৌরবময় উদযাপন উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

দেশপ্রেমের আবেগে ও ঐতিহ্যের আবেশে মুখরিত হয়ে উঠল উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হলো ‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নিসা বেগম, শিক্ষিকা প্রিয়ংবদা মণ্ডল ও রীতা নস্কর, শিক্ষক ইমতিয়াজ আলম, আরিফ আল হাসান, এনামুল লস্কর ও উজ্জ্বল হালদার সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এই ঐতিহাসিক উদযাপনের অংশীদার হন।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণ সেজে ওঠে দেশাত্মবোধক আবহে। শিক্ষক ইমতিয়াজ আলমের সৃজনশীল উদ্যোগে অনুষ্ঠান কক্ষ পায় এক অনন্য সাজ। বক্তৃতায় শিক্ষক উজ্জ্বল হালদার বলেন, “বন্দে মাতরম্ শুধু একটি গান নয়, এটি আমাদের স্বদেশপ্রেমের মন্ত্র এবং জাতীয় গৌরবের প্রতীক।”
অনুষ্ঠানে তুলে ধরা হয় ‘বন্দে মাতরম্’-এর ইতিহাস— ১৮৭৫ সালে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘সন্ন্যাসী বিদ্রোহ’-এর পটভূমিতে এই অমর গান রচনা করেন। দেশমাতৃকার বন্দনায় নিবেদিত এই গান আজ আমাদের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃত। স্বাধীনতা আন্দোলনে এর প্রেরণাদায়ক ভূমিকা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
দেশপ্রেম, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই সার্ধশতবর্ষ উদযাপন পরিসমাপ্ত হয় ‘বন্দে মাতরম্’ সঙ্গীতের সমবেত পরিবেশনার মাধ্যমে।













































































































