ইসকনে শিশুদের ওপর যৌন হেনস্তার অভিযোগ

শিশু সুরক্ষা কমিশনে যেতে বলল সুপ্রিম কোর্ট
নতুন পয়গাম, নয়াদিল্লি:
শিশুদের উপর যৌন নির্যাতন ও হেনস্তার অভিযোগ ইসকনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ইসকনের বিভিন্ন শাখায় এসব কর্মকাণ্ড গোপনে চলে। এ সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়া সত্ত্বেও ইসকন কর্তৃপক্ষ কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আবেদনকারীদের উদ্দেশ্যে দেশের শীর্ষ আদালত বলেছে, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে যান। বিচারপতি বি.ভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জাতীয় এবং সংশ্লিষ্ট রাজ্যের শিশু সুরক্ষা কমিশনই এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।

জানা গিয়েছে, মূল মামলাটি করেন রজনীশ কাপুর নামে এক ব্যক্তি। তারপর এ সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে তদন্ত চেয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়। সারাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান চালায় ইসকন কর্তৃপক্ষ। অভিযোগে স্পষ্ট বলা হয়েছে, ইসকন ও তার শাখা সংগঠনগুলিতে আধিকারিকদের দ্বারা যৌন হেনস্তা এবং শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হয়েছে অন্তত দুই শতাধিক শিশু। এ সংক্রান্ত বহু একাধিক অভিযোগ ইসকনে জমা হলেও সেসব ব্যাপার ধামাচাপা দিয়ে রাখা হয়, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।









































































































