ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সামশেরগঞ্জ: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আনসারুল সেখ (২৯)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে আনসারুল সেখ প্রায় পনেরো দিন আগে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কর্নাটকের বেঙ্গালুরুতে একটি বেসরকারি কর্মস্থানে যান। মঙ্গলবার সেখানে কাজ শেষে রাস্তা পারাপার করার সময় একটি লরি পিছন দিক থেকে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আনসারুল সেখের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে উত্তর ইমামনগর এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। ঘটনার পর পরিবার প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছে।























































































































