প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব

দৈনিক জনকণ্ঠ, নাজমুস সাহাদাত, গাজোল: জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ সাফল্য পাওয়া সহজ কথা নয়। সেই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম বছরেই উল্লেখযোগ্য সাফল্য পেল কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমি (উচ্চ মাধ্যমিক)-এর গাজোল শাখা। প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের নিট কোচিং থেকে দুই ছাত্র উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠান তথা জেলার সুনাম বৃদ্ধি করেছে। এবার নিটে সফল হয়েছেন সাহিদ আফরিদি ও হাসিবুল ইসলাম। সাহিদ ৭২০-র মধ্যে ৫৮২ পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ১৬,৮৬৭ এবং হাসিবুল ৫৫৫ পেয়ে ৩৩,৭৮৬ র্যা ঙ্ক করেছেন। শুধু নিটেই নয়, উচ্চ মাধ্যমিকেও সাহিদ ৮৯ শতাংশ এবং হাসিবুল ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন।
ক্রিসেন্ট অ্যাকাডেমির গাজোল শাখায় এবার প্রথম নিট-এর কোচিং চালু হয়। শিক্ষকদের মতে, পরিকল্পিত প্রস্তুতি এবং নিরবচ্ছিন্ন অনুশীলনের ফলেই এই সাফল্য। গ্রামের বহু মেধাবী ছাত্র-ছাত্রী উন্নতমানের কোচিংয়ের অভাবে পিছিয়ে পড়ে। সেই বাস্তবতায় গাজোলের মতো এলাকায় এমন উদ্যোগ এবং প্রথম বছরেই তার ইতিবাচক ফল যথেষ্ট তাৎপর্যবাহী। প্রতিষ্ঠানের সম্পাদক এযাবুল হক বলেন, “গাজোল শাখা থেকে প্রথম বছরেই দুই ছাত্রের এই সাফল্য আনন্দের এবং গর্বের। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতির উপর জোর দিয়েছি। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আগামীতে আরও বেশি ছাত্র-ছাত্রীকে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সঠিক দিশা দেখানোই আমাদের লক্ষ্য।”
সফল দুই ছাত্রের বক্তব্য, নিয়মিত অধ্যয়ন, সময় মেনে অনুশীলন এবং শিক্ষকদের নিরন্তর পরামর্শ ও গাইড তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।











































































































