ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের

নিজস্ব প্রতিনিধি: এটা অনেকবারই হয়েছে,যে দল ডার্বি জেতে,পরের ম্যাচেই পা হড়কায়।তাই ডুরান্ডে ডার্বি জয়ের পর কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার মোহনবাগান মাঠে প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস। ঘরোয়া লিগ এবং ডুরান্ড কাপ – দুই জায়গাতেই দুরন্ত ফর্মে রয়েছে সবুজ-মেরুন। ডুরান্ডে ডার্বি জয়ের পর সিএফএল-এও টানা জয় পেয়েছে বাস্তব রায়ের ছেলেরা। সেই ছন্দেই শনিবার মাঠে নামছে তারা। পয়েন্ট টেবিলের দিকে তাকালে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে ওঠার জন্য এই ম্যাচে ৩ পয়েন্টের বিকল্প নেই তাদের। কোচ বাস্তব রায়ও কোনও দলকে হালকা ভাবে নিচ্ছেন না। প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করেই মাঠে নামাচ্ছেন দলকে।
অন্যদিকে ক্যালকাটা কাস্টমসের শুরুটা ভালো হয়নি। ১টি জয়, ১টি ড্র এবং ১টি হারের পর তারা রয়েছে টেবিলের ছয় নম্বরে। বড় দলের বিরুদ্ধে অঘটন ঘটানোর ইতিহাস রয়েছে তাদের। তাই সবুজ-মেরুন সমর্থকরা সহজ ম্যাচ ভাবছেন না। তরুণ ফুটবলারদের দাপটে ইতিমধ্যেই ময়দান মাতিয়েছে মোহনবাগান। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হ্যাটট্রিক করাই এখন লক্ষ্য বাস্তব ব্রিগেডের।
আজ সিএফএলে: মোহনবাগান বনাম ক্যালকাটা কাস্টমস
ভেন্যু: মোহনবাগান মাঠ
সময়: বিকেল ৩টা।
সরাসরিঃ নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।







































































































