সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি:
জমে উঠেছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। মরশুম যত এগোচ্ছে ততই টানটান হচ্ছে ময়দানের লড়াই। শুরুতে তিন প্রধান দাপট দেখালেও এবার ছোট দলগুলিও বড় দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এরই মধ্যে সোমবার আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং বিএসএস স্পোর্টিং ক্লাব। এবারের সিএফএল-এ এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। সব ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষে ওঠাই লক্ষ্য কোচ ও ফুটবলারদের। অন্যদিকে বিএসএস স্পোর্টিং ক্লাবের শুরুটা হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে তারা ছন্দে ফিরেছে। দুটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে তারা। অতীতের রেকর্ডে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও এই ম্যাচে তারাও লড়াই দিতে মরিয়া। দুই দলেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে। তাই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই যায়।
সময়: বিকেল ৩.০০ টে।
ভেন্যু: যুবভারতী ক্রীড়াঙ্গন।
সরাসরিঃ নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।







































































































