চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের

দৈনিক জনকণ্ঠ, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইন্দাস ব্লকের আশা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ইন্দাস ব্লকের সমস্ত আশা কর্মী কালো ব্যাজ ধারণ করে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন। বিক্ষোভস্থলে সম্প্রতি প্রয়াত আশা কর্মী রুম্পা মণ্ডলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাটিতে বসে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পরে তাঁরা বিডিও-র কাছে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি লিখিত স্মারকলিপিও জমা দেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী এক আশা কর্মীকে ধমক দিতে এবং আশা কর্মীদের ‘চোর’ বলে মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ। পাশাপাশি, “চুরি করে চাকরি পেয়েছে” বলেও তিনি মন্তব্য করেছেন বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে, সোমবার ৩ আগস্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যু হয়। আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ, তাঁদের নির্ধারিত কাজের বাইরে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য করা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে মানসিক চাপ বাড়ছিল এবং সেই চাপই ওই কর্মীর মৃত্যুর অন্যতম কারণ বলে তাঁদের দাবি।
আশা কর্মীদের বক্তব্য, বিধায়ক যদি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারেন, তবে প্রকাশ্যে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তাঁরা চন্দনা বাউরীর পদত্যাগের দাবিও তোলেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।










































































































