বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু

দৈনিক জনকণ্ঠ, প্রীতিময় সরখেল, ফালাকাটা: ফালাকাটায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু, শালকুমারহাটের ঘটনার পুনরাবৃত্তি। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় দেড় মাস আগে শালকুমারহাটের কলাবাড়িয়ায় শশাখেতে বিদ্যুতবাহী তারের স্পর্শে একটি বুনো হাতির মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি ঘটল বলে মনে করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হরিমন্দির এলাকায় ধানখেতের পাশে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির দেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিটের জঙ্গল থেকে একটি হাতির দল গ্রামে ঢোকে। পরে বাকি হাতিগুলি জঙ্গলে ফিরে গেলেও একটি হাতি ধান ও শশাখেতের দিকে চলে যায়।
অভিযোগ, হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষার জন্য কিছু কৃষক জমির চারপাশে দেওয়া ফেন্সিংয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই বিদ্যুতায়িত ফেন্সিংয়ের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হয়েছে। তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বন বিভাগ।











































































































