গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের

দৈনিক জনকণ্ঠ, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: দিনদুপুরে বাজার এলাকা থেকে গরু চুরি করে ধূপগুড়ির গরুর হাটে বিক্রির জন্য আনার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়াল। ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন হাটের ব্যবসায়ীরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় থাকে গরুর হাট চত্বরে।
জানা গিয়েছে, ধূপগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের লোকনাথপল্লির বাসিন্দা সুনীল মণ্ডল প্রতিদিনের মতো তাঁর গরু বাজার এলাকায় ছেড়ে দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে নিজের গরুর খোঁজে তিনি ধূপগুড়ির গরুর হাটে যান। হাটে ঢুকতেই একটি গরুকে ঘিরে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। কাছে যেতেই গরুটিকে দেখে চমকে ওঠেন সুনীল। গরুটির গলায় থাকা দড়ি এবং গরুটিকে দেখে তিনি দাবি করেন, সেটি তাঁরই গরু।
এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, প্রায় ৬৫ বছর বয়সি জ্যোতিষ সরকার ওই গরুটি নিয়ে হাটে এসেছিলেন এবং বিক্রির জন্য দরদাম করছিলেন। এমনকি গরুটির দরদাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই হাটের ব্যবসায়ীরা জ্যোতিষ সরকারকে আটক করেন এবং ধূপগুড়ি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরুটির মালিকের সঙ্গেও কথা বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিক।
তবে ব্যবসায়ীদের দাবি, গরুর মালিক অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন না বলে পুলিশকে জানিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই হাটে ফের উত্তেজনা দেখা দেয়। ব্যবসায়ীদের প্রশ্ন, গরু চুরির অভিযোগ ওঠার পরও কেন লিখিত অভিযোগ করা হবে না? তাঁদের দাবি, ঘটনার যথাযথ তদন্ত না হওয়া পর্যন্ত গরুটি মালিকের হাতে তুলে না দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। গরুর মালিক সুনীল মণ্ডল জানান, প্রতিদিনের মতো তিনি গরুটি বাজার এলাকায় ছেড়ে দিয়েছিলেন। পরে গরুর হাটে এসে ভিড়ের মধ্যে নিজের গরুটিকে দেখতে পান। গরুটির গলায় তাঁর লাগানো দড়ি দেখে তিনি সেটি নিজের বলে শনাক্ত করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তির কাছে গরুটি কীভাবে এল এবং সেটি সত্যিই চুরি করে হাটে বিক্রির জন্য আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।






















































































































