অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায়

দৈনিক জনকণ্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বাসন্তীর নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা ‘বিকশিত ভারত’ প্রবন্ধ প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হন। কিন্তু দরিদ্র পরিবারের মেয়া হওয়ায় দিল্লি যাওয়ার খরচ জোগানো ছিল অসম্ভব।
পরিবারের আর্থিক সংকটের কথা সংবাদমাধ্যমে প্রকাশ পেলে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস উদ্যোগী হন। তিনি নিজের বেতন থেকে সেলিমার বিমান টিকিট ও দিল্লিতে থাকার জন্য ১০ হাজার টাকার ব্যবস্থা করেন। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় অনুমতিপত্রও সংগ্রহ করে দেন। শুক্রবার সকালে বিধায়ক নিজেই সেলিমাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেন। সেখান থেকে বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা দেয় সেলিমা। জীবনে প্রথমবার রাজধানীতে গিয়ে ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।
বিধায়ক জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখেই তিনি এগিয়ে আসেন। একটি মেধাবী ছাত্রী যাতে সুযোগ না হারায়, সেজন্য প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেওয়া হয়।দিল্লি পৌঁছে সেলিমা পরিবারকে ফোন করে জানায়, এই অভিজ্ঞতা তার জীবনের স্মরণীয় মুহূর্ত। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন দেখার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। খড়ের চালের কুঁড়েঘর থেকে লালকেল্লা— সেলিমার এই যাত্রা সুন্দরবনের মেধা ও প্রতিভার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।























































































































