বাংলা ভাষা ও বাঙালীদের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ায় সম্প্রীতির পদযাত্রা

আব্দুল গফফার
নতুন পয়গাম, হুগলী:
ক্রমশ বাংলা ভাষা ও বাঙালীদের ওপর কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা ও অপমান করে চলেছে তার প্রতিবাদে আজ সকালে হুগলীর চুঁচুড়ায় অনুষ্ঠিত হল এক দীর্ঘ পদযাত্রা। হুগলীর সুগন্ধ্যার গোটু ফুটবল মাঠ থেকে খাদিনা মোড় পর্যন্ত এই পদযাত্রার নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার।
এই পদযাত্রায় কয়েকশো তৃণমূল কর্মী-মহিলা কর্মীরা অংশ নেন। উল্লেখ্য, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে একই সঙ্গে এই পদযাত্রায় পা মেলান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষজন।
বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে অপমান করছে, বাঙালীদের রোহিঙ্গা বলে কটাক্ষ করছে, তার জবাব দিতে এই সর্বধর্ম সমন্বয়ের পদযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলার মাটিতে আমরা সবাই এক, কোনও ভেদাভেদ নেই। এই ঐক্যের মাধ্যমেই আমরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছি।”
চুঁচুড়ার রাস্তাজুড়ে আজকের এই মিছিল ছিল রঙিন ও উদ্দীপনাময়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পতাকা হাতে নিয়ে স্লোগান তুলেছেন—বাংলার ঐক্য ও গৌরব রক্ষার শপথ নিয়ে।





























































































































