ইউরোপ যাওয়ার নতুন জলপথ চালু করছে চীন

নতুন পয়গাম,
বেজিং, ১৯ সেপ্টেম্বর:জলপথে ইউরোপ যাওয়ার জন্য নতুন পথ চালু করতে চলেছে চীন। বেজিংয়ের দাবি, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে বরফ গলে যাওয়ায় নতুন এক বাণিজ্যিক পথের সন্ধান পাওয়া গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন ও রাশিয়া এবার যৌথভাবে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে।
উল্লেখ্য, রাশিয়া বরাবরই আর্কটিক অঞ্চলের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে এসেছে। এবার সেই আহ্বানে সাড়া দিয়ে চীন আর্কটিক সাগরপথ ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠানোর পরীক্ষামূলক যাত্রা শুরু করতে চলেছে। ২০ সেপ্টেম্বর চীনের ইস্তানবুল ব্রিজ নামে এক পণ্যবাহী জাহাজ নিংবো-ঝৌশান বন্দর থেকে যাত্রা করবে। ১৮ দিনের এই যাত্রায় জাহাজটি রাশিয়ার উত্তর উপকূল দিয়ে আর্কটিক সাগরপথ ধরে ব্রিটেনের ফেলিক্সটো বন্দরে পৌঁছবে। এই রুটে দীর্ঘ বরফ-ঢাকা পথ পাড়ি দিতে জাহাজটিকে।
বিশেষজ্ঞদের মতে, আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তন সরাসরি ভূ-রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে। কারণ, এই অঞ্চলটি খনিজ সম্পদ এবং নতুন বাণিজ্যিক পথের কারণে আন্তর্জাতিক সমীকরণকে প্রভাবিত করছে। বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য সুয়েজ খাল, ভূমধ্যসাগর এবং সিঙ্গাপুরের মতো ঐতিহ্যবাহী পথ দিয়েই হয়ে থাকে। তবে, আর্কটিক সাগরপথ প্রচলিত পথের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম দূরত্বে পণ্য পরিবহন করতে সক্ষম। ফলে সময় এবং খরচ দুইই বাঁচবে।
চলমান বাণিজ্যিক পথগুলোতে সম্প্রতি নানা ধরনের ভূ-রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে। যেমন, হর্ন অফ আফ্রিকার কাছে জলদস্যুদের আক্রমণ এবং লোহিত সাগরে ইয়েমেনি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য করছে। এমন পরিস্থিতিতে, আর্কটিক সাগরপথ একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০৩০ সালের মধ্যে এই পথে পণ্য পরিবহনের পরিমাণ বাড়াতে সক্রিয়। এছাড়াও রাশিয়া তার নিজস্ব পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার দিয়ে সারা বছর এই পথে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে চায়। রাশিয়ার মুরমানস্কের মতো পুরোনো বন্দরগুলোর সম্প্রসারণ এবং নতুন বন্দর নির্মাণেরও পরিকল্পনা চলছে। পুতিন আরও বলেছেন, আর্কটিক অঞ্চলে তেল, গ্যাস, ধাতু এবং অন্যান্য দুর্লভ খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে। তিনি চীন, ভারত এবং আরব আমিরাতকে যৌথ উদ্যোগের আহ্বান জানিয়েছেন।





























































































































