ধূমপান ছাড়ুন, এরদোগানের টোটকা ইতালির প্রধানমন্ত্রীকে সুন্দরী বললেন ট্রাম্প

নতুন পয়গাম, কায়রো:
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে মিসরে বিশ্বনেতাদের সম্মেলন চলার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতালির মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বললেন, ধূমপান ছাড়ুন। আমি দেখলাম, আপনি বিমান থেকে নেমেই ধূমপান শুরু করে দিলেন। এই অভ্যাস আপনাকে ছাড়তে হবে।
উল্লেখ্য, এরদোগান তুরস্ককে ধূমপানমুক্ত দেশ বানানোর অঙ্গীকার করেছেন। এ জন্য ৪ বছরের পরিকল্পনা নিয়ে দেশজুড়ে সচেতনতা মূলক প্রচারাভিযান চালাচ্ছে তাঁর সরকার।
এদিকে, দুই রাষ্ট্রপ্রধান যখন কথা বলছিলেন, পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এরদোগানের কথা শুনে ম্যাক্রোঁ হেসে বলেন, এটা অসম্ভব। এরপর সেখানে এসে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারীদের ব্যাপারে তাঁর তো জহুরির চোখ। তিনি ইতালির মহিলা প্রধানমন্ত্রীকে বিউটিফুল বলে সম্বোধন করেন। এরদোগান ট্রাম্পকে বলেন, সেটা তো দেখাই যাচ্ছে। আপনি বরং ওনাকে কিছু ব্যক্তিগত অথবা রাজনৈতিক উপদেশ দিন।
সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে ভাষণ দেওয়ার সময়েও মেলোনির দিকে তাকিয়ে তাঁর রূপ-সৌন্দর্য্যের প্রশংসা করেন ট্রাম্প। গাজা যুদ্ধ বন্ধ ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন চলছে মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে। ২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা সেখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে একমাত্র মহিলা রাষ্ট্রপ্রধান ছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
প্রশ্ন উঠছে, ট্রাম্পের লবঙ্গ-লতিকাময় দৃষ্টি নিয়ে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সম্মলেনে বক্তৃতা দেওয়ার সময় তিনি কেন একজন মহিলা প্রধানমন্ত্রীর রূপের প্রশংসা করলেন? এটা তো রাজনৈতিক ও কূটনৈতিক সৌজন্যের বাইরে। ট্রাম্প মেলোনির দিকে তাকিয়ে বলেন, ‘যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তা-ই।’
ওই সময় ৪৮ বছর বয়সী মেলোনিকে হাসতে এবং মাথা নাড়তে দেখা যায়। ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘অসাধারণ’ নেতা বলেও বর্ণনা করেন। এদিকে ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সোমবার ট্রাম্প, আলসিসি এবং অন্য রাষ্ট্রপ্রধানগণ সই করেন।

















































































































