এবারের সিএফএল সুপার সিক্সের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল,প্রতিপক্ষ ইউনাইটেড

নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
আজ শুরু হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের এবারের আসরের সুপার সিক্সের লড়াই। যেখানে আজ মুখোমুখি হবে ইউনাইটেড কলকাতা বনাম ইস্টবেঙ্গল। এবারের কলকাতা ফুটবল লিগে যথেষ্ঠ চমক দেখিয়েছে ইউনাইটেড কলকাতা। এবার সুপার সিক্সের লড়াইয়ে মাঠে নামবে ইউনাইটেড কলকাতা, যেখানে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ময়দানের শতাব্দী প্রাচীন বহু ইতিহাসের সাক্ষী ইস্টবেঙ্গল। ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে লাল হলুদ ব্রিগেড ছিল একেবারে চেনা ছন্দে। বহু বছর পর লাল হলুদ ব্রিগেড এ বারের আসরে জিতেছে ডার্বি ম্যাচ। পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে এবারের সুপার সিক্স রাউন্ডে। তবে দুটি দলই এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে নিজেদের সেরা খেলাটা খেলেছে। ইউনাইটেড কলকাতা নিজেদের শেষ কয়েকটি ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলি দুর্দান্ত খেলে সকলকে অবাক করে দিয়েছে। সব মিলিয়ে ফুটবল প্রেমী মানুষ আজ একটা দুর্দান্ত ম্যাচ দেখতে চলেছে সুপার সিক্সের এই লড়াইয়ে।
নিজেদের ঘরের মাঠেই খেলতে নামছে ইস্টবেঙ্গল। যদিও বাড়তি সুবিধার কথা কোনভাবেই মানতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ বিনো। প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। তবে ইউনাইটেড কলকাতা তারাও কিন্তু ছাড়বার পাত্র নয়। ফলে ম্যাচটি যে বেশ জমে উঠবে সেটা বলাই বাহুল্য।
আজ সিএফএলেঃ
ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা।
স্থানঃ ইস্টবেঙ্গল মাঠ।
সময়ঃ বেলা ৩ টে।
সরাসরিঃ এস-এস-ই-এন অ্যাপ।




























































































































