ভারত-ভুটান জুড়ছে রেলপথে

নতুন পয়গাম:
নিকটতম প্রতিবেশি দেশ ভুটানের সঙ্গে সেতুবন্ধন করতে চলেছে ভারতীয় রেল। অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত ৬৯ কিমি এবং জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচি পর্যন্ত ২০ কিমি রেলপথ তৈরি হবে। ভুটানকে জুড়তে এই দুই রেলপথের জন্য কেন্দ্র সরকার তথা রেলমন্ত্রক ৪০৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। বুধবার বিকেলে একথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং। ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ২০২৭ সালেই সেবক থেকে রংপো রেলপথে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। উল্লেখ্য, ভুটানের গ্যালিফু হল সে দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব। আর সামচি হল ভুটানের একটি শিল্পাঞ্চল শহর। তাই এই গুরুত্বপূর্ণ শিল্পশহরগুলি রেলপথে যুক্ত হলে ভারতের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটবে। পুরো সম্পূর্ণ বিষয়টি তত্ত্বাবধান করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

এছাড়া কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় লেভেল ক্রসিংয়ে আরওবি তৈরির চূড়ান্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবও ইতিমধ্যেই রেল বোর্ডে পাঠানো হয়েছে। সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছে। এদিন ডিআরএম বলেন, ২০২৭ সালে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন পরিষেবাও চালু হবে। অন্যদিকে, কালচিনির হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটানের ফুন্টশোলিং পর্যন্তও রেলপথ চালুর দাবি উঠেছে আলিপুরদুয়ারের বিভিন্ন মহলে।






















































































































