গুজরাটে মন্ত্রীদের গণ ইস্তফা, আজ শপথ নেবে নতুন মন্ত্রিসভা

নতুন পয়গাম, গান্ধীনগর:
গুজরাটে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের খোলনলচে বদলাতে মন্ত্রিসভায় বড়সড় রদবদল করছে বিজেপি। তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া ১৬ জন মন্ত্রীই পদত্যাগ করেছেন। এদের মধ্যে ৮ জন পূর্ণমন্ত্রী এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। আজ শুক্রবার গুজরাত মন্ত্রিসভায় রদবদল হবে। ২০২৭ সালে এই ডাবল ইঞ্জিন রাজ্যে বিধানসভা ভোট। জানা যাচ্ছে, বিভিন্ন কারণে অভিযুক্ত বা ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে একাধিক নতুন মুখ আনা হতে পারে মোদি-শাহের রাজ্যে। খুব সম্ভবত তারা কাল শুক্রবারই শপথ নেবেন। তার আগে দলীয় নির্দেশ মেনে এদিন মন্ত্রীরা গণ হারে ইস্তফা দিয়েছেন। সামনেই পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন, পরের বছর রয়েছে বিধানসভা ভোট। সব কিছুকে সামনে রেখে স্বচ্ছতার বার্তা দিতে মন্ত্রিসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনায় সিলমোহর দিয়েছে গুজরাতের ডাবল ইঞ্জিন সরকার।




















































































































