আজ রামমন্দিরে ঝাণ্ডা তুলবেন নমো

নতুন পয়গাম, নয়াদিল্লি:
২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি উদ্বোধন করা হলেও তখনও রামমন্দির তৈরির সব কাজ সম্পূর্ণ হয়নি। তাই নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর এবার প্রথা মেনে মন্দিরের শিখরে গেরুয়া ধ্বজা বা ঝাণ্ডা উত্তোলন করা হবে। আজ মহ্গলবার সেই ধ্বজা তুলতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ত্রিকোণ এই ঝাণ্ডার উচ্চতা দশ ফুট এবং দৈর্ঘ্যে ২০ ফুট। ঝাণ্ডার মাঝে আঁকা থাকছে উদিত সূর্য, যা ভগবান রামের প্রতীক। এছাড়া পতাকায় ‘ওম’ লেখা থাকছে। আজ অযোধ্যার মাটিতে পা রেখে প্রথমে সপ্তমন্দিরে যাবেন মোদি। তারপর একে একে শেষাবতার মন্দির, অন্নপূর্ণা মন্দিরে যাবেন। সবশেষে রামমন্দিরে প্রবেশ করে রামলালা গর্ভগৃহে পুজো করবেন তিনি। দুপুরের দিকে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গতবছর ভোটের মুখে এই মন্দির উদ্বোধন করলেও খোদ অযোধ্যাতেই হেরে যায় বিজেপি, সেখানে বিধানসভা ও লোকসভা আসনে জেতেন সমাজবাদী পার্টির প্রার্থী।









































































































