সিবিআই-এর বিরুদ্ধে মামলার পক্ষে সুপ্রিম কোর্ট

নতুন পয়গাম, নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: দীর্ঘ ২৫ বছরের পুরনো এক মামলায় ব্যতিক্রমী ইংগিত দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, তদন্তকারীদেরকেও তদন্তের আওতায় আনলে মানুষের আস্থা বাড়বে। অনিয়ম, বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই অধিকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের পক্ষে সওয়াল করে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
ঘটনার বিবরণে প্রকাশ, আজ থেকে আড়াই দশক আগে ২০০০ সালে দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অনিয়ম বা বেনিয়মের অভিযোগ আনেন দু’জন উদ্যাগপতি। সিবিআইয়ের তৎকালীন ডিজি নীরজ কুমার ও ইনসপেক্টর বিনোদ কুমারের বিরুদ্ধে আনা সেই অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেওয়া, অবৈধ ভাবে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।এই মর্মে দিল্লি হাই কোর্ট ওই দুই সিবিআই অফিসারের নামে ফৌজদারি মামলা দায়ের করতে সবুজ সংকেত দিয়েছিল। এ বার সুপ্রিম কোর্টও সেই নির্দেশেই সিলমোহর দিয়ে বলল, তদন্তকারী সংস্থা সিবিআই-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হলে, তাতে সিস্টেমের প্রতি দেশবাসীর আস্থা বাড়বে।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি পি.বি ভরালের বেঞ্চ এদিন তাঁদের পর্যবেক্ষণে বলেন, দিল্লি হাই কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট যে, এই ধরনের ঘটনা সিবিআইয়ের কার্যক্রম সংক্রান্ত বিধির লংঘন। নিয়ম ভাঙাটা ইচ্ছাকৃত, নাকি নিতান্তই অনিচ্ছাকৃত ভুল? এর প্রশ্নের সমাধানে তদন্তের কথা বলেন দুই বিচারপতি।
বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ খুবই সময়োপযোগী ও প্রাসঙ্গিক। ইদানিং কেন্দ্রের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগ বারে বারে উঠছে। সুপ্রিম কোর্ট এর আগে, সিবিআই-কে ভর্ৎসনা করে বলেছিল, তোতাপাখি। রাজনতিক দলের হয়ে কাজ না করতেও বলেছিল দেশের শীর্ষ আদালত।





































































































