হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা

দৈনিক জনকণ্ঠ, সাজ্জাদ হাসান: কাজী আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠিত হেরিটেজ কলেজ অফ এডুকেশন-এর উদ্যোগে ২৩ জুলাই রক্তদান শিবির-সহ গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। স্বেচ্ছায় ৮০ জন রক্ত দান করেন। এই কলেজ প্রতিষ্ঠা কাল থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্ম করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় ৬০ বারের রক্তদাতা অভিজিৎ জানাকে। শিবিরের উদ্বোধন করেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সহকারী নিবন্ধক ড. বিশ্বজিৎ বালা। বিশেষ অতিথি বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, রক্তদান কেবল জীবন রক্ষা করে না; জীবনকে সংস্কৃতিবান করে। সৌহার্দ্যের মধ্য দিয়ে সমাজের বন্ধন তৈরি হয়।
কলেজ পরিচালন কমিটির সম্পাদক সেখ সফিকুল হক, সভাপতি কাজী সওগাত রহমান, সমাজসেবী কাজী সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, মরহুম কাজী আবদুল রেজ্জাক সাহেব শিক্ষা ও মানবসেবার মেলবন্ধন করতে চেয়ে ছিলেন। সেই ধারাবাহিকতা কলেজ এখনও রক্ষা করে চলেছে।
এদিন কার্যত উৎসবের আবহে রক্তদান শিবির কলেজে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে লেখা নানারকম সুন্দর পোস্টার ও আল্পনায় এক নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষের তরফে সেখ খায়রুল আমেদ রক্তদাতা-সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে গোলাপ ফুল উপহার দেন। সঞ্চালনা করেন অধ্যাপক ড. বিশ্বজিৎ সামন্ত ও ড. তানিয়া মালাকার।









































































































