চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক
দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করা, ভিবি-জি রামজী প্রকল্পে ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করা এবং বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে সোমবার হুগলির চুঁচুড়ার রবীন্দ্রভবনে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়। ভিবি-জি রামজী আইন-২০২৫ এবং বিকশিত ভারত রোজগারের নিশ্চয়তা ও আজীবিকা মিশন (গ্রামীণ)-এর বিভিন্ন কর্মসূচির কার্যকর বাস্তবায়নকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক, হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, বিধায়ক সুবীর নাগ-সহ জেলা প্রশাসন, পঞ্চায়েত দপ্তর এবং বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা।
বৈঠকে জেলার গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, স্বনির্ভর জীবিকা সৃষ্টির সুযোগ সম্প্রসারণ এবং সরকারি প্রকল্পগুলির দ্রুত, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ১২৫ দিনের কর্মসংস্থান কর্মসূচির সফল বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও বর্ষাকালে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা আরও শক্তিশালী করা, নদীবাঁধ ও বন্যা প্রতিরোধমূলক পরিকাঠামোর উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা জানান, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে।








