ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল

আব্দুল রাহাজ, কলকাতা:
ইস্টবেঙ্গল-৮ (গোলদাতা: পিভি বিষ্ণু ৩, জেকসন সিং, বিপিন সিং,জেসিন টি.কে ২,মহম্মদ খালিদ ৪২’ (আত্মঘাতী) সিআইএসএফ প্রোটেক্টর্স-০
ডার্বির হতাশা ভুলে ডুরান্ড কাপে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সকে ৮-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারলেও ঘরোয়া লিগের ছন্দ ধরে রেখেছিল ইস্টবেঙ্গল। সেই ছন্দই কাজে লাগাল শুক্রবার। ম্যাচের প্রথম ৩০ মিনিট দুই দলই লড়াই করেছে। কিন্তু ৩৮ মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪ মিনিট পর সিআইএসএফের মহম্মদ খালিদের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জেকসন সিং তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান। বিরতিতে যাওয়ার সময় স্কোর ৩-০। বিরতি থেকে ফিরেই আক্রমণের গতি বাড়ায় ইস্টবেঙ্গল। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন বিষ্ণু। ৬৪ মিনিটে অভিজ্ঞ বিপিন সিং পঞ্চম গোল করে ম্যাচ কার্যত শেষ করে দেন। এরপর গোলের বন্যা। ৭০ ও ৭৩ মিনিটে জেসিন টি.কে পরপর দুটি গোল করে স্কোর ৭-০ করেন। ম্যাচের ৭৬ মিনিটে পিভি বিষ্ণু নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের অষ্টম গোলটি করেন। ডার্বি হারের পর এই বড় জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে। বিষ্ণুর হ্যাটট্রিক এবং জেসিনের জোড়া গোল আক্রমণভাগের শক্তি বুঝিয়ে দিল। কিশোরভারতীতে উপস্থিত সমর্থকরা অনেকদিন পর গোলের উৎসব উপভোগ করলেন।








































































































