ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

দৈনিক জনকণ্ঠ, জঙ্গিপুর: জঙ্গিপুরের রাজনৈতিক রেশ মিলিয়ে যাওয়ার আগেই এবার সরগরম প্রতিবেশী ধুলিয়ানের পুর-রাজনীতি। দলীয় পুরপ্রধান ইনজামূল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূলেরই একাংশ কাউন্সিলররা। মঙ্গলবার চেয়ারম্যানের অপসারণের দাবিতে আনুষ্ঠানিকভাবে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ধুলিয়ানের ১৩ জন তৃণমূল পুরপ্রতিনিধি। এই ঘটনা প্রকাশ্যেই আসতেই জল্পনা তুঙ্গে উঠেছে মুর্শিদাবাদের প্রশাসনিক ও রাজনৈতিক অলিন্দে।
পুরসভা সূত্রে খবর, ২১ টি ওয়ার্ড বিশিষ্ট ধুলিয়ান পুরসভার তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলরের সমর্থন তাঁদের পক্ষে রয়েছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীর। বিগত পুরনির্বাচনের পর দলীয় নেতৃত্বের আস্থায় চেয়ার পেলেও, সাম্প্রতিককালে পুরপ্রধানের কার্যপদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ জমছিল দলের অন্দরে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পুরভবনে অনিয়মিত ছিলেন চেয়ারম্যান। ফলে থমকে গিয়েছে নাগরিক পরিষেবা, ব্যাহত হচ্ছে রাস্তাঘাট মেরামত ও পানীয় জল সরবরাহের মতো জরুরি কাজও।
২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার সাদাত স্পষ্ট জানান, “বারবার জানানো সত্ত্বেও চেয়ারম্যান অফিসে আসছেন না। পুরসভার স্বাভাবিক কাজকর্ম ও উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। এলাকার মানুষকে সঠিক পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, রাজ্যের শাসকদলের আমলে একাধিক ইস্যুতে বারবার খবরের শিরোনামে এসেছে ধুলিয়ান পুরসভা। কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠা থেকে শুরু করে গ্রেপ্তারির ঘটনা — উত্তেজনা ছড়িয়েছে দফায় দফায়। এই প্রেক্ষাপটে স্বদলের চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের এই আইনি চালে যথেষ্ট কোণঠাসা পুরপ্রশাসন। এবার জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর স্থানীয়দের।











































































































