সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের

আব্দুল রাহাজ – কলকাতা
ভবানীপুর ২ ( সাহিল হরিজন, রবি হাঁসদা)
মোহনবাগান সুপার জায়ান্ট ১ _(বিভান)
জমে উঠেছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের এবারের আসর। শতাব্দী প্রাচীন মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভবানীপুর। অন্যদিকে সবুজ-মেরুন এবারের লিগে শুরুটা ভালো করলেও, পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল। অন্যদিকে ভবানীপুর পরপর পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল। এদিন ম্যাচের শুরু থেকেই দুটি দলই দুর্দান্ত ফুটবল খেলে। আক্রমণ-প্রতি আক্রমণে গড়া ম্যাচে গোলের রাস্তা খুলতে ব্যর্থ হয় দুই দলই। শেষ পর্যন্ত বৃষ্টি ভেজা মাঠে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই দল সমানে-সমান লড়াই চালায়। মনে হচ্ছিল ম্যাচটি ড্র-এর দিকেই যাচ্ছে। কিন্তু ম্যাচের ৮০ মিনিটের মাথায় সাহিল হরিজনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ভবানীপুর। ছাড়বার পাত্র ছিল না সবুজ-মেরুনও। ক্ষুরধার আক্রমণে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় বিভান জ্যোতি লস্কর গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান। মোহনবাগান মাঠ জমে ওঠে দর্শকদের চিৎকারে। কিন্তু ৮৮ মিনিটের মাথায় বাংলার সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড় রবি হাঁসদা ভবানীপুরের হয়ে জয়সূচক গোলটি করেন। বড় দলের বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভবানীপুর। অন্যদিকে জয়ের ছন্দে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট পরপর দুটি ম্যাচ হেরে এবারের আসরে অনেকটাই পিছিয়ে পড়ল।






































































































