জেল-মুক্তি আজম খানের, স্বস্তিতে অখিলেশ যাদব

নতুন পয়গাম,
সীতাপুর, ২৩ সেপ্টেম্বর: প্রায় ২ বছর পর জেল থেকে ছাড়া পেলেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির অন্যতম নেতা ও প্রাক্তন মন্ত্রী আজম খান। মঙ্গলবার সীতাপুর জেল থেকে বের হয়ে বলেন, এতদিনে ইনসাফ পেলাম। আদালতের সিদ্ধান্তে খুশি সমাজবাদী পার্টির নেতা-কর্মীরাও। নিষেধাজ্ঞা সত্ত্বেও এদিন তাঁকে স্বাগত জানাতে জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু সংখ্যক দলীয় কর্মী, অনুগামী ও সমর্থক। অন্যের জমি জবরদখল সহ একাধিক মামলায় ২০২৩ সালে জেলে যেতে হয় আজম খানকে।
এদিন জেল থেকে মুক্তির পর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব হন সমাজবাদী পার্টির সুপ্রিমো সাংসদ অখিলেশ যাদব। বলেন, আজম খানের বিরুদ্ধে মিথ্যা মামলা চাপানো হয়েছিল। অবশেষে ন্যায়বিচার মিলল। গত সপ্তাহে সরকারি সম্পত্তি নষ্টের মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। অখিলেশ এদিন মুখ্যমন্ত্রী যোগীকে একহাত নিয়ে বলেন, এভাবে নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরে সমাজবাদী পার্টিকে দমানো যাবে না।
উল্লেখ্য, ১৭ বছর আগে ২০০৮ সালে এক বিবাদের জেরে আজম খানের গাড়ি থেকে হুটার খুলে নিয়েছিল পুলিশ। তার জেরে বিক্ষোভ দেখান আজম ও তাঁর কর্মী-সমর্থকরা। রাস্তা অবরোধ করা হয়। ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরেই আজম খানের বিরুদ্ধে মামলা শুরু হয়। এদিন আজম খানের মুক্তির পর সপা সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে আজম খানের বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি দলে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উল্লেখ্য, দশবারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দুই বারের সাংসদ আজম খান সমাজবাদী পার্টির অন্যতম সংখ্যালঘু মুখ।










































































































