গরিবি হটিয়েদ দেশে নজির কেরলের

নতুন পয়গাম, তিরুবনন্তপুরম, ১৯ অক্টোবর:
কেরল সরকার এই দক্ষিণী রাজ্যে দারিদ্র দূরীকরণ প্রকল্পে নজিরবিহীন কাজের রেকর্ড সৃষ্টি করল। রিপোর্টে জানা গিয়েছে, সিপিএম শাসিত এই রাজ্যে চরম দারিদ্রসীমার নিচে একজনও নেই, যা স্বাধীনতার পর গোটা দেশে নজির সৃষ্টি করল। কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের প্রধান লক্ষ্যই ছিল খাদ্য, রোজগার, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান সুনিশ্চিত করা। এই জনকল্যাণকর উন্নয়ন প্রকল্প অগণিত পরিবারকে সহায়তা করেছে। তাঁদের স্বাস্থ্য পরিকাঠামো, খাদ্য নিশ্চিতকরণ, সামাজিক পরিষেবা, বাসস্থান ও জীবন ও জীবিকার সুযোগ সুষ্ঠুভাবে পৌঁছে দিয়েছে কেরল সরকার।
লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ পূরণ করে কেরল দেশের প্রথম রাজ্য হিসেবে গণ্য হতে চলেছে, যেখানে একজনও চরম দারিদ্র্যসীমার নিচে নেই। রাজ্যের মন্ত্রী এম.বি রাজেশ একে রাজ্যের ইতিহাসে গর্বের দিন হিসেবে চিহ্নিত করে জানিয়েছেন, কেরল বিশ্বের দ্বিতীয় স্থান দখল করল। দারিদ্র দূরীকরণে শীর্ষে আছে চীন।
রাজেশ আরো বলেন, এই উন্নয়ন প্রকল্প সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের উন্নতি করেছে। এমনকি যাযাবর জনজাতির কাছেও জীবনমান উন্নয়নের সহয়তা পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিশেষ ধারণাই ছিল না এই অংশের। তাঁর কথায়, সমাজের সব স্তরে নিবিড় পরিকল্পনা গ্রহণ করে প্রত্যেক পরিবারের নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে সরকার এই ভূমিকা নিয়েছে। কারো ক্ষেত্রে স্বাস্থ্য, আবার কারও ক্ষেত্রে বাসস্থানের ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। যেখানে প্রধান সমস্যা খাদ্যের সংকট, সেখানে সেই প্রয়োজনের ভিত্তিতে চলেছে প্রকল্পের কাজ।
























































































































