পদত্যাগ করলেন বাঁশবেড়িয়া পৌরপ্রধান আদিত্য

আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
অবশেষে জল্পনার অবসান ঘটল। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী মঙ্গলবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিলেন হুগলি সদর মহকুমা শাসক অয়ন নাথের হাতে।
গত কয়েক সপ্তাহ ধরে তাঁর ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। সূত্রের খবর, দলীয় নির্দেশ অনুযায়ী হুগলি-চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানদের পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এতদিন তা মানতে নারাজ ছিলেন আদিত্য নিয়োগী ও অমিত রায়।
হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই প্রকাশ্যে বলেন, দলের সিদ্ধান্ত মানা উচিত। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন— যেসব এলাকায় লোকসভা ভোটে ফল খারাপ হয়েছে, সেসব পৌরসভায় নেতৃত্বে পরিবর্তন আসবে।
দলীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক চাপের কারণে দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে ছিলেন আদিত্য নিয়োগী। অবশেষে নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
এই পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। পৌরসভার পরবর্তী প্রশাসনিক দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে জোর জল্পনা।
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর ধরে পৌরপ্রধানের দায়িত্বে ছিলেন আদিত্য নিয়োগী। তাঁর আমলে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প শুরু হলেও সাম্প্রতিক লোকসভা ভোটে দলের খারাপ ফলেই শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।






























































































































